টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে ইতালির জায়গা করে নেওয়া অনুপ্রাণিত করেছে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মইসেস হেনরিকেসকে। তাই এবার নিজের জন্মভূমি পর্তুগালকে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে দেওয়ার মিশনে নেমেছেন তিনি।

ফুটবল ও ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য পরিচিত পর্তুগালকে স্বপ্ন দেখাচ্ছেন হেনরিকস। অস্ট্রেলিয়ার হয়ে ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ৪৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা হেনরিকেস পর্তুগালের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেই আসরে জায়গা করে নেওয়ার লড়াই শুরু হচ্ছে শুক্রবার ফিনল্যান্ডে। সেখানে আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ইউরোপ সাব-রিজিওনাল কোয়ালিফায়ার ‘সি’-তে খেলবে পর্তুগাল। ১০ দলের এই প্রতিযোগিতা থেকে কেবল চ্যাম্পিয়ন দলই পরবর্তী আঞ্চলিক বাছাইপর্বে উঠবে।

চলতি বছরের শুরুতে ইতালিও প্রায় একই পথ পেরিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছিল। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার জো বার্নসের নেতৃত্বে ইতালির সেই সাফল্যই হেনরিকেসকে অনুপ্রাণিত করেছে।

বিবিসির ‘স্টাম্পড’ পডকাস্টে হেনরিকেস বলেন, ‘স্পষ্টতই আদর্শ পরিস্থিতি হবে ইতালি যা করেছে, সেটি পুনরাবৃত্তি করা। এবারের বিশ্বকাপে সেটা বাস্তবসম্মত কি না, নাকি পরের বিশ্বকাপে আমি জানি না। কয়েকটি ম্যাচ খেললেই আমরা বুঝতে পারব।’

সাবেক এই অজি অলরাউন্ডার পর্তুগালের ক্রিকেটারদের মান নিয়েও সন্তুষ্ট। তিনি বলেন, ‘দলের ক্রিকেটারদের মান দেখে আমি নীরবে এবং ইতিবাচকভাবে অবাক হয়েছি। অনেক ভালো মানের ক্রিকেটার রয়েছে, যা কয়েক বছর আগে যখন খেলার বিষয়টি ভাবতে শুরু করি, তখন আমি আশা করিনি।’

ইউরোপ সাব-রিজিওনাল বাছাইপর্বে ‘বি’ গ্রুপে খেলবে পর্তুগাল। তাদের প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্র, জার্মানি, গ্রিস ও ইসরায়েল। গ্রুপের শীর্ষ দলকে ফাইনালে খেলতে হবে ‘এ’ গ্রুপের সেরা দলের বিপক্ষে।

শুক্রবার ভান্তার তিক্কুরিলা ক্রিকেট গ্রাউন্ডে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে হেনরিকেসদের অভিযান।

আইএন