নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সংঘবদ্ধ মাদক কারবারিদের ছুরিকাঘাতে নারীসহ তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শুক্রবার (২৮ আগস্ট) রাত ৮টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১নং ওয়ার্ডের মিজমিজি পাগলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- সিফাত (২১), রাজু (২৬) ও এনি (৩০)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মিজমিজি পাগলাবাড়ি ক্যানেলপাড় এলাকায় ছুরিকাঘাতে আহত সিফাতের মায়ের পিঠার দোকানের সামনে মাদক কারবারি শফিকুল ইসলামের সঙ্গে অন্য আরেকটি গ্রুপের সদস্যদের সংঘর্ষ হচ্ছিল। উভয়ের সংঘর্ষকালে ভিকটিম সিফাত ও আহতরাসহ বেশ কয়েকজন মারামারি থামানোর চেষ্টা করেন। এসময় পরিস্থিতি ঠান্ডা হলে উভয় গ্রুপ স্থান ত্যাগ করে। পরবর্তীতে ঘটনার প্রায় ৩০ মিনিট যেতেই মাদক কারবারি শফিকুল ইসলাম তার বড় বোন জান্নাতুল ফেরদৌস পারি, বোন জামাই সোহেলসহ ৫-৬ জনের একটি দল পুনরায় ঘটনাস্থলে পৌঁছে আহত তিনজনকে বেধড়ক মারধর চালায় এবং মারধরের একপর্যায়ে তিনজনকে ছুরিকাঘাত করা হয়। একপর্যায়ে আশপাশের মানুষেরা ছুটে এসে আহতদের উদ্ধার করে এবং হামলাকারীদের গণপিটুনি দেয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জাগো নিউজকে বলেন, ঘটনার খবর শুনে আমাদের এসআই ওলিউল্লাহকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত আছে।
মো.আকাশ/এফএ