বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম।

শুক্রবার (২১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অভিনন্দন বার্তায় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সাফল্য ও কল্যাণ কামনা করেন। একই সঙ্গে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে তাঁর দীর্ঘ রাজনৈতিক ও জনজীবনের অভিজ্ঞতা, প্রজ্ঞা, দূরদর্শিতা ও নেতৃত্বগুণ দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞপ্তিতে উপাচার্য বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়া দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তাঁর রাজনৈতিক পথচলা পাঁচ দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। সাংগঠনিক দক্ষতা, প্রজ্ঞা, সংকটকালে নেতৃত্ব এবং তৃণমূলের মানুষের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাঁকে জাতীয় রাজনীতিতে একটি স্বতন্ত্র অবস্থানে প্রতিষ্ঠিত করেছে।

তিনি আরও বলেন, একজন শিক্ষাবিদ, অভিজ্ঞ রাজনীতিক ও সজ্জন ব্যক্তি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নতুন দায়িত্ব গ্রহণ রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদটির মর্যাদা আরও সমুন্নত করবে।

উচ্চশিক্ষা ও গবেষণার প্রসারে রাষ্ট্রপতির ভূমিকার কথা উল্লেখ করে উপাচার্য বলেন, জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ এবং তরুণ প্রজন্মকে দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে রাষ্ট্রপতির পৃষ্ঠপোষকতা ও অনুপ্রেরণা দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আরও এগিয়ে যেতে উৎসাহিত করবে।

এসজেডএইচ/এএসএম