আপাতত দেশের তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করাই সরকারের প্রাথমিক লক্ষ্য বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, তরুণদের দক্ষতা বৃদ্ধিতে সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে। ভবিষ্যতে বেকার ভাতা চালুর বিষয়টিও অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
আজ রোববার দুপুরে রাজধানীর সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহদী আমিন এ কথা বলেন।
বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশে কর্মসংস্থান বাড়াতে আগামী ডিসেম্বর থেকে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ও ক্যারিয়ার ফেয়ারের’ প্রাথমিক কার্যক্রম শুরু হচ্ছে উল্লেখ করে মাহদী আমিন বলেন, পর্যায়ক্রমে দেশব্যাপী বিভাগীয় ও জেলা পর্যায়ে এটি সম্প্রসারিত করা হবে।
শ্রমবাজারের চাহিদা ও জোগানকে এক জায়গায় সংযুক্ত করাই ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের’ মূল কাজ হবে বলে সংবাদ সম্মেলনে জানান উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, এই প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের স্থানীয় পর্যায়ের শিল্পপ্রতিষ্ঠান ও বাণিজ্যিক সংস্থায় কর্মসংস্থানের সুযোগ নিরূপণ করা হবে। একদিকে কর্মক্ষম যুবশক্তির দক্ষতা ও যোগ্যতার ডেটাবেজ থাকবে, অন্যদিকে স্থানীয় শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানের কাজের চাহিদার হিসাব থাকবে। এই দুইয়ের সমন্বয়ে তৈরি হবে একটি একীভূত জাতীয় ডিজিটাল প্ল্যাটফর্ম।
চাকরিপ্রার্থীদের দক্ষতা বৃদ্ধি ও সরাসরি কর্মসংস্থানের সুযোগ তৈরিতে একটি পূর্ণাঙ্গ ‘এমপ্লয়মেন্ট ওরিয়েন্টেড ইকোসিস্টেম’ গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তিনি জানান, এই উদ্যোগের আওতায় চাকরির বাজারে প্রবেশকারীদের সিভি তৈরি (সিভি রাইটিং), সক্ষমতা বৃদ্ধি (ক্যাপাসিটি বিল্ডিং) ও সাক্ষাৎকার মোকাবিলার মতো প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে।
এর পাশাপাশি দক্ষ জনবল তৈরি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশব্যাপী নিয়মিত ‘ক্যারিয়ার ফেয়ার’ হবে উল্লেখ করে মাহদী আমিন বলেন, জেলা পর্যায়ে নিয়মিত ক্যারিয়ার ফেয়ারের মাধ্যমে ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে দীর্ঘদিনের দূরত্বের অবসান ঘটিয়ে শক্তিশালী সংযোগ গড়ে তোলাই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য।
সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আবদুর রহমান তরফদার প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এরিক গিলানের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। প্রধানমন্ত্রীর কার্যালয়, ঢাকা। ৪ অক্টোবর ২০২৬যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট স্কলারশিপ বাড়ানো নিয়ে বৈঠক
বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ ফুলব্রাইট স্কলারশিপের সংখ্যা বাড়ানোসহ শিক্ষা খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয়ে ঢাকার মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হয়।
বৈঠকে বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এরিক গিলানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেয়।
আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফুলব্রাইট স্কলারশিপের সুযোগ কীভাবে প্রতিবছর আরও বাড়ানো যায়। পাশাপাশি সরকারি কর্মকর্তাদের জন্য আরও বেশি স্কলারশিপ নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পায়।
এ ছাড়া শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কর্মসূচি (এক্সচেঞ্জ প্রোগ্রাম) সম্প্রসারণ এবং বাংলাদেশে ভাষাশিক্ষার প্রসার ও দক্ষতা উন্নয়নে যুক্তরাষ্ট্র কীভাবে ভূমিকা পালন করতে পারে, সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।